পাইথন (Python), রুবির (Ruby) মতো প্রোগ্রামিং ভাষার জনপ্রিয়তার যুগে পিএইচপি (PHP)কিছুটা সেকেলে। প্রায় তিন দশক আগে একমাত্র ওয়েব প্রোগ্রামিং ভাষা হিসেবে যাত্রা শুরু করা পিএইচপি (PHP)এখনও বেশ জনপ্রিয়। অতি দ্রুত কোনও ওয়েব প্রোগ্রাম তৈরি করতে চাইলে পিএইচপি (PHP) হতে পারে সহজ সমাধান। এছাড়া পিএইচপি (PHP) খুব সহজেই এইচটিএমএলের (HTML) সাথে ব্যবহার করা যায় বলে পিএইচপি (PHP)দিয়ে যেকোনো ওয়েব কাঠামো (Web Structure) তৈরি করা সহজ।
পিএইচপি একটি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। আর এ কারণেই আগে থেকে বিদ্যমান বিভিন্ন ফ্রেমওয়ার্ক, প্রোগ্রাম ও সিএমএসের উপর ভিত্তি করে পিএইচপি দিয়ে খুব সহজেই ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। পিএইচপির আরেকটি সুবিধা হচ্ছে এটি দিয়ে ওয়েব ব্রাউজার না খুলেই কোনও ওয়েবসাইট ভিজিট করা ও সেখানে তথ্য যুক্ত করা, আপডেট করা ও মুছে ফেলা যায়। অর্থাৎ, পিএইচপি প্রোগ্রামিং জানলে আপনাকে ওয়েবসাইটে তথ্য যুক্ত ও আপডেট করতে সব সময় ব্রাউজারের উপর নির্ভর করতে হবে না।
পিএইচপি শেখাও বেশ সহজ। এটি শিখতে এইচটিএমএলের উপর বেসিক কিছু ধারণা ছাড়া আর তেমন কিছুই জানার প্রয়োজন হয় না। তবে, পিএইচপির উপর লিখিত শত শত পৃষ্ঠা পড়েও পিএইচপির টেকনিকগুলো অর্জন করা সম্ভব নয়, যদি না কেউ অনুশীলন না করে। তাই পড়ার পাশাপাশি পিএইচপির টেকনিকগুলো হাতে কলমে চর্চা করাই এই প্রোগ্রামিং ভাষা শেখার সর্বোত্তম উপায়।
পিএইচপি একদিনে শেখার কোনো উপায় নেই। আবার অনেক সময় নিয়ে শিখলেও কোনও লাভ হবে না। এই প্রোগ্রামিং ভাষা শেখার জন্য প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সময় ব্যয় করাই যথেষ্ট। তবে, তা অবশ্যই নিয়মিত ও ধারাবাহিকভাবে করতে হবে। একদিন চর্চা করলাম, তারপর আবার দশ-বারো দিন পর আবার একটু চর্চা করলাম, এভাবে পিএইচপি শেখা সম্ভব নয়। পিএইচপি ভালোভাবে শেখার জন্য অবশ্যই নিয়মানুবর্তিতা ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
পিএইচপি কিভাবে কাজ করে?
পিএইচপি দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়। স্বাভাবিকভাবে ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, ডাইনামিক (Dynamic)ও স্ট্যাটিক (Static)।
স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেণ্ট পরিবর্তনের জন্য সরাসরি এইচটিএমএল কোডের ভিতরের কনটেন্ট পরিবর্তন করতে হয়, যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।ডায়নামিক ওয়েবসাইটের কনটেন্ট নির্দিষ্ট ওয়েব ফ্রেমওয়ার্ক বা কনটেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে পরিবর্তন করা হয়।এর ফলে, কোডে ভুলত্রুটি হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সব কিছু আলাদা আলাদা স্থানে থাকায় সহজেই পরিবর্তন ও ব্যবস্থাপনা করা যায়।
প্রায় তিন দশক আগে শুরু হওয়া পিএইচপি একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা হওয়ার ফলে পিএইচপি দিয়ে কমিউনিটি ভিত্তিক অনেক সিএমএস ও ওয়েব অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, এসব প্রোগ্রামের বেশির ভাগই ওপেন সোর্স এবং বিনামূল্যে ব্যবহার করা যায়।
এগুলোর কারণে যেকোনো ওয়েবসাইট এখন একেবারে শূন্য থেকে তৈরি করতে হয় না। বরং বিদ্যমান কাঠামোটি কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করে নিজের ইচ্ছা ও পছন্দমতো ব্যবহার করা সম্ভব হচ্ছে। যদিও এতে সময় খুব কম লাগছে, কিন্তু ওপেন সোর্স হওয়ার ফলে সব সময়ই নিরাপত্তা ত্রুটির আশংকা থাকে। আর এ কারণেই ওয়েব অ্যাপ্লিকেশনটি সব সময়ই আপডেট রাখতে হয়।
পিএইচপি দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য যা জানা আবশ্যক
যেকোনো প্রোগ্রামিং ভাষা বেসিক থেকে জানলে পরবর্তীতে তা বোঝা সহজ হয়ে যায়। পিএইচপিও এর থেকে ব্যতিক্রম নয়। তবে, প্রোগ্রামিং দক্ষতার পুরোটাই চর্চা ও অনুশীলনের উপর নির্ভরশীল।
তবে, পিএইচপি শেখার আগে বেশ কিছু প্রাথমিক জিনিস জানা দরকার হয়। কারণ, পিএইচপিতে মূলত এগুলো নিয়েই কাজ করতে হয়। পিএইচপি প্রোগ্রামিং শেখার আগে যেসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তা হলো:
১। বেসিক এইচটিএমএল বা HTML5
২। বেসিক সিএসএস বা CSS3
৩। বেসিক জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
৪। ভার্সন কন্ট্রোল সিস্টেম বা গিট (git)
বেসিক এইচটিএমএল ও সিএসএস দিয়ে স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি করা যায় ও পিএইচপি দিয়ে তা ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তরিত করা যায়।
জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইটে নানা ধরনের ফাংশনালিটি যুক্ত করা হয়। যেমন, পপআপ, টগল বাটন ইত্যাদি। git বা গিটহাব দিয়ে কোডের ভার্সন নিয়ন্ত্রণ করা হয়।
পিএইচপি প্রোগ্রামিং এর জন্য কিছু বেসিক টেকনিক:
১। এসএফটিপি (FTP) বা (SFTP) এর ব্যবহার।
এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে খুব সহজেই সার্ভারে পিএইচপি ফাইল আপডেট করা সম্ভব হয়। তাই, পিএইচপি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটি একটি আবশ্যকীয় কাজ।
২। পিএইচপি স্ক্রিপ্ট টেস্ট।
পিএইচপি স্ক্রিপ্ট টেস্ট করতে ফাইল ঠিকানা নয়, বরং সরাসরি ওয়েব HTTP প্রটোকল ব্যবহার করতে হয়।
৩। ব্রাউজারে এইচটিএমএল পেইজ লোড করা।
পিএইচপি ফাইলের সাথে এইচটিএমএল ব্যবহার করলেও একই পদ্ধতি ব্যবহার করতে হয়। এজন্য অবশ্যই কম্পিউটারে ওয়েব সার্ভারের পরিবেশ তৈরি করে নিতে হবে।
৪। স্ক্রিপ্টে কমেন্ট যুক্ত করা।
প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে স্ক্রিপ্টে কমেন্ট যুক্ত করা একটি দরকারি কাজ। এর ফলে অন্য ডেভেলপাররা সহজেই কোনো প্রোগ্রাম বুঝতে পারে।
৫। বেসিক ডিবাগিং টেকনিক।
প্রোগ্রাম লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে থাকে। আর এই ভুল সংশোধন করার জন্য বেসিক ডিবাগিং টেকনিক জানা থাকা প্রয়োজন।
আশা করি, এই ধাপ গুলো অনুসরণ করলে একজন মানুষের পিএইচপি প্রোগ্রামিং শেখা আরও সহজ ও নিরাপদ মনে হবে। প্রোগ্রামিং এর বেসিক পদ্ধতি জানলে যেকোনো প্রোগ্রাম তৈরি করা অত্যন্ত সহজ হয়ে যায়।
Leave a Reply